নির্বাচনি কার্যালয়ে আগুন চৌদ্দগ্রামে, জামায়াত প্রার্থী তাহেরের নিন্দা

ডেস্ক রিপোর্ট

1 min read
প্রকাশ:

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের|ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর তিনটি নির্বাচনি কার্যালয় ও মাদরাসার একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ তুলে এসব ঘটনায় ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সোমবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির, যিনি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দলটির মনোনীত প্রার্থীও।

চৌদ্দগ্রামে রোববার রাতে বিভিন্ন স্থাপনায় আগুন ও ভাঙচুরের ঘটনার পর সোমবার সংঘর্ষে জড়ান বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর আসে সংবাদমাধ্যমে।

এসব ঘটনার বিষয়ে বিবৃতিতে তাহের বলেন, “রোববার রাতে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনি অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনি কার্যালয় ও দোকান এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতকারীরা।"

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে তাহের আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশীশক্তির মহড়া দিতে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীন উদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

“সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!