ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী ৬ অধ্যাপকের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলনে যেতে বাধা ও হুমকি প্রদান, ছাত্রলীগকে আন্দোলনকারীদের তথ্য প্রদানসহ নানা অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা প্রাথমিক তদন্ত কমিটি (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি)। এখন সেটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা উঠেছে।
পরবর্তীতে চূড়ান্ত শাস্তি দিতে একটি তদন্ত কমিটি (আনুষ্ঠানিক চার্জ) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর এই কমিটি অভিযোগের প্রমাণ পেলে সরাসরি ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তের সুপারিশ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছয় শিক্ষক হলেন- অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. মশিউর রহমান, অধ্যাপক ড. মাহমুদা খাতুন ও অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম চৌধুরী।

